বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন বা ভিওআইপি কার্যাবলিতে ব্যবহৃত আট হাজার ৬৮২টি সিম শনাক্ত করার পর চার মোবাইল অপারেটরকে মোট আট কোটি আটষট্টি লাখ কুড়ি হাজার টাকা জরিমানা করেছে।
গত ২১ জুলাই চার অপারেটরের কাছে পাঠানো আলাদা আলাদা নোটিশে বলা হয়েছে, অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত প্রতিটি সিমের জন্য দশ হাজার টাকা হারে প্রশাসনিক জরিমানা করা হয়েছে। নোটিশ পাওয়ার দশ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় টেলিযোগাযোগ আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাপ্ত তথ্যমতে, সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে রবি আজিয়াটাকে। প্রতিষ্ঠানটির ৫ হাজার ৯৩৫টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাদের ৫ কোটি তিরানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
[Ad Placement - Middle of Article]
এছাড়া বাংলালিঙ্গের ১ হাজার ৮৮২টি সিম ব্যবহার করায় তাদেরকে ১ কোটি ৮৮ লাখ কুড়ি হাজার এবং টেলিটকের ৬৮১টি সিম চিহ্নিত হওয়ায় ৬৮ লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর গ্রামীণফোনের ১৮৪টি সিমের জন্য জরিমানা করা হয়েছে আঠারো লাখ চল্লিশ হাজার টাকা।